ছবির ক্যাপশন: .
স্টাফ রিপোর্টার
চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে ভোটের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি, প্রায় আড়াই হাজার কোটি টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
এ সময় স্থানীয় সরকার খাতের বিভিন্ন প্রতিষ্ঠান, দফতর ও সংশ্লিষ্ট বিভাগের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, এ প্রকল্পের আওতায় স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে। এ জন্য ব্যয় হবে ৩৭০ কোটি টাকা। আগামী ২৭ জানুয়ারি থেকে এসব সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে।
মীর শাহে আলম জানান, ছাদে স্থাপন করা সোলার প্যানেল থেকে মোট ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৫০ মেগাওয়াট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের কাজে ব্যবহার করবে। বাকি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করা হবে।
