হরমুজ প্রণালিতে অনুমোদনহীন নৌপথ ব্যবহারের অভিযোগে সাতটি নৌযানে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এসব হামলার মধ্যে চারটি নৌযানে আগুন ধরে যায়। অন্যদিকে, আরও তিনটি নৌযান মাইন বিস্ফোরণের কবলে পড়েছে বলে জানিয়েছে ইরানি বাহিনী। বৃহস্পতিবার আইআরজিসির নৌবাহিনী জানায়, পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে অবৈধভাবে তেল স্থানান্তরের কাজে জড়িত চারটি নৌযানকে বুধবার শনাক্ত করা হয়। পরে একই সময়ে সেগুলোতে হামলা চালানো হলে আগুন ধরে যায়।
এ ছাড়া হরমুজ প্রণালির পশ্চিম অংশে আরও তিনটি নৌযান মাইন বিস্ফোরণের শিকার হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সতর্ক করে ইরানি বাহিনী বলেছে, উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোও হামলার লক্ষ্যবস্তু হতে পারে। আইআরজিসির অভিযোগ, যুক্তরাষ্ট্রের উৎসাহে জাহাজগুলো অনুমোদনহীন নৌপথ ব্যবহার করছে। এর ফলে সমুদ্রপথে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এর আগে গত ৯ অক্টোবরও নিষিদ্ধ নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর বিরুদ্ধে হরমুজ প্রণালির বাইরেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান।
ইরান আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উত্থাপিত দাবিগুলো পূরণ এবং তেহরানের আস্থা পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে না। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকার আশঙ্কা তৈরি হয়েছে।
