ইন্টারনেটের বহুল ব্যবহৃত সফটওয়্যার পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকেই আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। এতে গুরুত্বপূর্ণ তথ্য, ডেটাবেজ ও নেটওয়ার্ক ঝুঁকিতে পড়তে পারে।
‘পিএইচপি২শেল’ (PHP2Shell) নামে পরিচিত এই নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে বিভিন্ন দেশের সরকারি সংস্থা। ঝুঁকি শনাক্ত করা, হামলা ঠেকানো এবং নিরাপত্তা ত্রুটি সমাধানে কাজ করছে গুগল, ওপেনএআই ও অ্যামাজনের মতো প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো।
বিজ্ঞাপন
সাইবার নিরাপত্তা গবেষকদের তথ্য অনুযায়ী, পিএইচপি ব্যবহার করা সব ওয়েবসাইট যে আক্রান্ত হয়েছে, তা নয়। তবে ইন্টারনেটে এই সফটওয়্যারের ব্যাপক ব্যবহার সম্ভাব্য হামলার পরিধি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
পিএইচপির ত্রুটি নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) বুধবার (২১ অক্টোবর) পিএইচপি ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা হালনাগাদের প্রস্তুতি নিতে বলেছে। সংস্থাটি সতর্ক করেছে, এই ত্রুটির সুযোগ নিয়ে হামলাকারীরা সার্ভারের ফাইল সিস্টেম ও ডেটাবেজে প্রবেশের সুযোগ পেতে পারে।
বিজ্ঞাপন
তাৎক্ষণিকভাবে নিরাপত্তা হালনাগাদ করা সম্ভব না হলে এবং সংশ্লিষ্ট ব্যবস্থা ঝুঁকিতে থাকলে, ত্রুটি পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত আক্রান্ত সিস্টেম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই-ও একই ধরনের সতর্কতা দিয়েছে। তাদের আশঙ্কা, এই ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকে ক্ষতিকর কোড চালাতে পারে। এতে সংবেদনশীল তথ্য ও বিভিন্ন নেটওয়ার্কের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
সিঙ্গাপুর, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষও এ বিষয়ে সতর্কতা জারি করেছে। পিএইচপিনির্ভর ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিজ্ঞাপন
প্রকাশের আগেই হামলার চেষ্টা শনাক্ত অ্যামাজনের
অ্যামাজন জানিয়েছে, নিরাপত্তা ত্রুটিগুলো জনসমক্ষে আসার আগেই সেগুলো কাজে লাগানোর চেষ্টা শনাক্ত করেছিল তাদের থ্রেট ইন্টেলিজেন্স দল।
প্রতিষ্ঠানটির ‘ম্যাডপট’ (MadPot) নামের একটি ব্যবস্থা ইন্টারনেটের সঙ্গে যুক্ত বিভিন্ন অবকাঠামোয় সন্দেহজনক কার্যক্রম পর্যবেক্ষণ করে। এই ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য হামলার চেষ্টা শনাক্ত করা হয়।
বিজ্ঞাপন
অ্যামাজনের পর্যবেক্ষণে ইঙ্গিত পাওয়া গেছে, ত্রুটিগুলো প্রকাশের আগেই ক্ষতিকর পক্ষ সেগুলো কাজে লাগানোর চেষ্টা করছিল। তবে হামলাকারীরা কীভাবে আগেভাগে এসব ত্রুটি সম্পর্কে জানতে পেরেছিল, তা এখনো স্পষ্ট নয়।
নিরাপত্তা ত্রুটি শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা
পিএইচপির নিরাপত্তা ত্রুটি শনাক্ত ও সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারও আলোচনায় এসেছে।
গুগল জানিয়েছে, তাদের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজ (Wiz) এআই মডেল ব্যবহার করে ত্রুটিগুলো খুঁজে বের করা ও বিশ্লেষণের কাজ করেছে। গুগলের জেমিনি এআইও সম্ভাব্য সাইবার হামলা যাচাই, ত্রুটির প্রভাব মূল্যায়ন এবং নিরাপত্তা প্যাচ পরীক্ষা করতে সহায়তা করেছে।
বিজ্ঞাপন
ওপেনএআই জানিয়েছে, তাদের এআই মডেল ব্যবহার করা গবেষকেরাও পিএইচপির গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করতে সহায়তা করেছেন।
প্রতিষ্ঠানটি বলেছে, গত দুই মাস তারা সফটওয়্যার রক্ষণাবেক্ষণকারী, সাইবার নিরাপত্তা গবেষক ও নিরাপত্তাসেবা প্রদানকারীদের নিয়ে একটি জোটের নেতৃত্ব দিয়েছে। জনসমক্ষে ত্রুটির তথ্য প্রকাশের আগেই সমাধান সমন্বয় ও সুরক্ষামূলক ব্যবস্থা প্রস্তুত করাই ছিল এর লক্ষ্য।
ওপেনএআইয়ের মতে, সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য নিরাপত্তা সমস্যাগুলোর মধ্যে এই ত্রুটিগুলো অন্যতম। উন্নত এআই প্রযুক্তি যেমন সফটওয়্যারের দুর্বলতা দ্রুত শনাক্ত করতে পারে, তেমনি একই ধরনের সক্ষমতা সাইবার অপরাধীদের হাতে পড়লে ঝুঁকিও বাড়তে পারে।
বিজ্ঞাপন
সুরক্ষা জোরদার করছে ক্লাউডফ্লেয়ার
ওয়েবসাইটের অবকাঠামো ও সাইবার নিরাপত্তাসেবা প্রদানকারী ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, তারা নিজেদের ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালের মাধ্যমে পিএইচপি২শেল ত্রুটির বিরুদ্ধে সুরক্ষাব্যবস্থা চালু করেছে।
এর মাধ্যমে আক্রান্ত সিস্টেমকে লক্ষ্য করে পাঠানো ক্ষতিকর অনুরোধ ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। তবে এ ধরনের সুরক্ষা ব্যবস্থা সফটওয়্যার হালনাগাদের বিকল্প নয়।
বিজ্ঞাপন
পিএইচপি উন্নয়ন দল এরই মধ্যে নিরাপত্তা ত্রুটি সমাধানের জন্য হালনাগাদ সংস্করণ প্রকাশ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওয়েবসাইট পরিচালকদের ব্যবহৃত সফটওয়্যারের সংস্করণ পরীক্ষা করে দ্রুত নিরাপত্তা আপডেট ইনস্টল করার পরামর্শ দিয়েছে।
ওয়েবসাইট পরিচালকদের এখন কী করা উচিত
পিএইচপি ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর প্রথম কাজ হলো তাদের সফটওয়্যারের সংস্করণ পরীক্ষা করা এবং সংশ্লিষ্ট নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করা। ঝুঁকিপূর্ণ সংস্করণ ব্যবহার করা হলে দ্রুত প্যাচ ইনস্টল করতে হবে।
পাশাপাশি সার্ভারের সন্দেহজনক কার্যক্রম পর্যবেক্ষণ, লগ পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সুরক্ষাব্যবস্থা নেওয়া জরুরি। তাৎক্ষণিকভাবে ত্রুটি সমাধান করা সম্ভব না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আক্রান্ত সিস্টেমের সংযোগ সীমিত বা বিচ্ছিন্ন রাখতে হবে।
সূত্র: সিএনবিসি
কেএএ/
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
