বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় নাফিউল ইসলাম নিরব (২৮) নামের এক যুবককে রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে সেউজগাড়ী আমতলা এলাকায় একটি রেস্তোরাঁর পেছনের গলিতে এ ঘটনা ঘটে।
আহত নিরব ওই এলাকার ফরিদুল ইসলাম লিটনের ছেলে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আমতলা এলাকার একটি রেস্তোরাঁর পেছনের গলিতে বসে ছিলেন নিরব। এ সময় ১০ থেকে ১২ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা রামদা, চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেয়। পরে তাঁরা চলে গেলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ অনুসন্ধান এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় ব্যবস্থা করা হবে।
