সিলেট ভয়েস ডেস্ক · ১৮ অক্টোবর, ২০২৬ ৫:৪০ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ নয়জন আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সকাল সাতটার দিকে উপজেলার সৈয়দপুর বাজারসংলগ্ন জালালপুর এলাকায় মেসার্স ফরটিক মিয়া ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী বালুবাহী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকে থাকা নয়জন আহত হন। তাঁদের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে। পরে তাঁদের চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনাকবলিত যাত্রীদের মালামাল উদ্ধার করে তাঁদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নিতে রেকারের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গুগলে আমাদের খবর পেতে
