ভারতের রাজধানী দিল্লির লুটিয়েন্স এলাকায় অবস্থিত যন্তর মন্তরকে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি আয়োজনের নির্ধারিত স্থান হিসেবে বাদ দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দিল্লি পুলিশের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে বিক্ষোভ ও সমাবেশ আয়োজনের জন্য শহরের তিনটি নতুন স্থান নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের নির্ধারিত স্থানের পরিবর্তে নাগরিকদের প্রতিবাদ ও বিক্ষোভ আয়োজনের অধিকার চর্চার জন্য উপযুক্ত বিকল্প স্থান খুঁজে বের করতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিল্লি পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি আয়োজনের জন্য নির্ধারিত স্থান তিনটি হলো- রামলীলা ময়দান, বুরারি ময়দান, শাহদারার সিবিডি ময়দান।
এই তিন স্থানে বিক্ষোভ ও সমাবেশ আয়োজনের জন্য বিস্তারিত ও সংশোধিত মানসম্মত পরিচালন পদ্ধতি (এসওপি) পরে আলাদাভাবে জারি করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নতুন নির্ধারিত তিন স্থানের মধ্যে লুটিয়েন্স দিল্লির সবচেয়ে কাছের রামলীলা ময়দান। যন্তর মন্তর থেকে এর দূরত্ব প্রায় চার কিলোমিটার। ঐতিহাসিকভাবেই বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচির জন্য পরিচিত এই ময়দান।
অন্যদিকে, যন্তর মন্তর থেকে বুরারি ময়দানের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। আর শাহদারার সিবিডি ময়দান যন্তর মন্তর থেকে ১২ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।
