দেশের বাজারে আরও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দরে সোনা বিক্রি হচ্ছে। একই সঙ্গে কমানো হয়েছে অন্যান্য মানের সোনা ও রূপার দাম।
বাজুসের নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম ১৯ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে এর দাম দাঁড়াচ্ছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ছিল ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম কমেছে ১ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ১ হাজার ১০৮ টাকা।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ব্যাখ্যায় বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারে সোনার দাম
আন্তর্জাতিক বাজারেও সোনার দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, তেলের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে বিশ্ববাজারে সোনার দাম কমেছে।
তাতে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১ শতাংশের বেশি কমে ৪ হাজার ৮৫ ডলার ২৯ সেন্টে নেমে এসেছে। এক আউন্সে প্রায় ৩১ দশমিক ১০৩৫ গ্রাম সোনা থাকে।
এর আগে গত ১৩ মার্চ দেশের বাজারে যখন সোনার দাম কমানো হয় তখন স্পটমার্কেটে সোনার দাম ছিল ৪ হাজার ১৮৫ ডলার ৬৮ সেন্ট।
রূপার দামও কমেছে
সোনার পাশাপাশি রূপার দামও কমিয়েছে বাজুস।
নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট রূপার প্রতি গ্রাম ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে প্রতি ভরি রূপার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ২৪ টাকা।
এর আগে ২২ ক্যারেট রূপার প্রতি ভরি দাম ছিল ৪ হাজার ১৯৯ টাকা। নতুন দর অনুযায়ী, প্রতি ভরিতে রূপার দাম কমেছে ১৭৫ টাকা।
অন্যান্য মানের রূপার দামও প্রায় একই হারে কমানো হয়েছে।
