চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই ছাত্রদল নেতাদের নিয়ে, উপাচার্য ভবনের ফটকের তালা ভেঙে, দপ্তরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, একটি হাইয়েস মাইক্রোবাসে করে ক্যাম্পাসে পৌঁছান উপাচার্য। এ সময় প্রধান ফটকে তিনি নিজেকে ‘শিক্ষক’ পরিচয় দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন বলে সূত্রটি জানায়। পরে চুয়েট শাখা ছাত্রদলের নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের ফটকে দেওয়া তালা ভেঙে নিজের দপ্তরে যান তিনি।
সূত্র জানায়, এ সময় উপাচার্যের দপ্তরে চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আল সাবিত ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন উপস্থিত ছিলেন।
সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই এ ঘটনা ঘটেছে।
গত ২১ সেপ্টেম্বর নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হয়।
গত ২৭ জুলাই অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান। দায়িত্ব গ্রহণের ৫৬ দিনের মাথায়, গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এ নিয়োগের প্রতিবাদে ওই রাতেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের প্রধান দাবি, অধ্যাপক সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে। এ দাবিতে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা।
পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতিতে যোগ দেন। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়।
শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে এত দিন চুয়েট ক্যাম্পাসে যেতে পারেননি নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। তবে গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদানপত্র পাঠিয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন তিনি।
এনএন/ডিজে
