প্রকাশিত: ০৯:৩৮, ২৩ অক্টোবর ২০২৬
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
শাহেদ আহমেদ। ফাইল ফটো
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহমেদের মরদেহ দেশে পৌঁছেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি আনা হয়।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, শাহেদের মরদেহ সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৬২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। শুক্রবার সকালে সেটি ঢাকায় পৌঁছে।
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের বাসিন্দা ৩৬ বছর বয়সী শাহেদ আহমেদ সৌদি আরবভিত্তিক সা'দ আল-ঈসা কনট্র্যাক্টিং কোম্পানিতে কর্মরত ছিলেন। পরিবারের সঙ্গে এক মাসের ছুটি কাটিয়ে ৯ অক্টোবর কর্মস্থলে ফিরেছিলেন। পরদিন ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটে অপেক্ষার সময় হামলায় তিনি নিহত হন।
দূতাবাস জানিয়েছে, শাহেদের বকেয়া বেতন, ভাতা ও চাকরিসংক্রান্ত অন্যান্য সুবিধা বাবদ প্রায় ২৭ হাজার ৩৯৫ সৌদি রিয়াল (প্রায় ৯ লাখ টাকা) বাংলাদেশ দূতাবাসে জমা দিয়েছে তার নিয়োগকর্তা প্রতিষ্ঠান। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এ অর্থ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
