ছবির ক্যাপশন: .
ক্রীড়া ডেস্ক
দীর্ঘ সাত বছর পর আবারও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলতে নামছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে শনিবার শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে লিটন দাসের দল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। সিরিজের তৃতীয় দল আফগানিস্তান।
এই সিরিজ দিয়েই বাংলাদেশ ওয়ানডে দলের পূর্ণকালীন অধিনায়ক হিসেবে নতুন অধ্যায় শুরু করছেন লিটন দাস। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে তাঁর কাঁধে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
আবুধাবিতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে লিটন জানিয়েছেন, দ্বিপক্ষীয় সিরিজের তুলনায় ত্রিদেশীয় টুর্নামেন্টে মানসিক চাপ বেশি থাকে। কারণ, এখানে প্রতিটি ম্যাচের ফল ফাইনালে ওঠার সমীকরণ ও রানরেটের হিসাবকে প্রভাবিত করতে পারে।
লিটন বলেন, ‘ত্রিদেশীয় সিরিজ খেললে একটা বাড়তি চাপ থাকে। তিনটা দলের জন্য একই রকম চাপ থাকবে যে ফাইনালে উঠতে হবে। আপনি যখন সাধারণ সিরিজ খেলেন, তখন অতটা চাপ থাকে না; কারণ আপনি জানেন প্রথম ম্যাচ হেরে গেলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে। কিন্তু এখানে হেরে গেলেই রানরেটের জটিল হিসাব চলে আসে।’
জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে হারলেও তার আগে টানা চারটি দ্বিপক্ষীয় সিরিজ জয়ের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। সেই আত্মবিশ্বাস নিয়েই নতুন টুর্নামেন্টে ভালো করার প্রত্যাশা দলের।
দলের সামর্থ্য নিয়ে আশাবাদী লিটন বলেন, ‘এই দলটা অনেক ভালো ভালো সিরিজ খেলেছে। বিশেষ করে ঘরের মাঠে অনেক ভালো খেলেছে। আমার কাছে মনে হয়, এই দলটাতে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। আর সঙ্গে আমরা যারা সিনিয়র আছি, যদি সেরা ক্রিকেটটা খেলতে পারি, তাহলে সবকিছু সম্ভব।’
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জয়ের অভিজ্ঞতা খুব বেশি নয়। ১৫টি এমন টুর্নামেন্টে অংশ নিয়ে মাত্র একবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। সাত বছর আগের সেই সাফল্যের স্মৃতি ফিরিয়ে এবার নতুন অধিনায়কের নেতৃত্বে শিরোপার লড়াইয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।
