দলমত-নির্বিশেষে দেশের গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখতে পারলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।
এ্যানি বলেন, দেশের মানুষের জন্য নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ জন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করা এ মুহূর্তে অত্যন্ত জরুরি। নির্বাচনী প্রক্রিয়া নতুনভাবে শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ যাত্রাকে অনেক দূর এগিয়ে নিতে হবে। নানা কঠিন পরিস্থিতি মোকাবিলা করে লক্ষ্যে পৌঁছাতে হবে। দলমত-নির্বিশেষে গণতন্ত্রের ভিত শক্তিশালী রাখার চেষ্টা করতে হবে। তাহলেই নিয়মিত উন্নয়ন কার্যক্রমের মধ্য দিয়েও বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব।
পানিসম্পদমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭-১৮ বছর দেশে ভালো রাজনৈতিক পরিবেশ ছিল না। নানা প্রতিকূলতা মোকাবিলা করে এখন স্বাভাবিক জীবন ফিরে এসেছে। এ স্বাভাবিক জীবন ধরে রাখতে সবাইকে সচেষ্ট হতে হবে। এত দিন রাজনৈতিক সংগ্রাম করেছেন, এখন জীবনসংগ্রামে এগিয়ে যেতে হবে। দেশের অভাব-অনটন দূর করে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উদ্যোগ নিয়ে দেশ পরিচালনার যাত্রা শুরু করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর জীবদ্দশায় অল্প সময়ের মধ্যে স্বনির্ভর বাংলাদেশ গড়ার চেষ্টা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, সংগ্রাম ও ত্যাগের কথাও স্মরণ করেন তিনি।
সংসদে বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও সংসদের বাইরে অনেক সময় সেই আলোচনার ধারাবাহিকতা বজায় থাকে না উল্লেখ করে এ্যানি বলেন, আবেগের বশবর্তী হয়ে এমন কোনো কর্মসূচি নেওয়া উচিত নয়, যা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। সব দিক বিবেচনা করে দায়িত্বশীলতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে।
লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানসহ অন্যরা।
