দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঢাকা-আরিচা মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ করে দেন।
Published : 22 Oct 2026, 01:35 PM
Updated : 22 Oct 2026, 01:44 PM
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাসের চাপায় ইজিবাইকের দুই যাত্রীর প্রাণ গেছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ আরও দুজন আহত হয়েছেন বলে বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানিয়েছেন।
নিহতরা হলেন- ঘিওর উপজেলার মৌহালী গ্রামের ইয়াসিন (২১) ও বাবুল (২৮)।
এ ঘটনায় আহত মো. শাহান (৫০) ও তার স্ত্রী রোজিনা আক্তারকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “ঘিওর উপজেলার মৌহালী থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি ইজিবাইক ঢাকা-আরিচা মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি দ্রুতগতির বাস ইজিবাইকটিকে চাপা দেয়।
“এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী ইয়াসিন নিহত হন। গুরুতর আহত বাবুলকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।”
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঢাকা-আরিচা মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ করে দেন।
তাদের অভিযোগ, এর আগেও মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়ায় সেলফি পরিবহনের বাসের বেপরোয়া চালনায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর পরিবহনটির পারমিট বাতিলসহ বিভিন্ন দাবিতে মানিকগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল।
ওসি হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
