চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার থেকে অপহৃত ব্যবসায়ী মো. এহসান প্রকাশ হাসানকে অক্ষত অবস্থায় কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) অপহরণের পর প্রশাসনের (পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) ব্যাপক তৎপরতা ও অভিযানের মুখে অপহৃত ব্যবসায়ীকে গতকাল মঙ্গলবার রাতে উদ্ধার করে আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বাঁশখালী থানায় আনা হয়। এসময় পরিবারের সদস্যসহ শত শত জনগণ তাকে একনজর দেখার জন্য ভিড় জমায়।
এ ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের ব্যাপারে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে থানা পুলিশ জানায়। তবে পারিবারিক সূত্রে জানা যায়, অপহরণকারিরা হাসানকে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে নির্যাতন চালায়। এরই মধ্যে টাকাসহ নানা দাবী করেছিল অপহরণকারিরা।
জানা যায়, গত ১৭ অক্টোবর (শনিবার) রাত ৮টা ২৫ মিনিটের দিকে পুঁইছড়ি প্রেমবাজারের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘আব্দুল্লাহ এন্টারপ্রাইজ’ থেকে কালো পোশাকধারী ও মাস্ক পরা ৪ ব্যক্তি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) পরিচয় দিয়ে তাঁকে হাতকড়া পরিয়ে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে যায়।
অপহরণের ঘটনাটি ছড়িয়ে পড়ার পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল দ্রুত উদ্ধার অভিযানে নামে।

