খাগড়াছড়িতে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ও প্রকল্পভিত্তিক অনুদান কর্মসূচির উদ্বোধন
১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ এএম

খাগড়াছড়িতেও সারাদেশের ন্যায় তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং তাঁদের উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ ও প্রকল্পভিত্তিক অনুদান প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচি দুটির উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান উপস্থিত ছিলেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজের স্বীকৃতি প্রদান এবং জনকল্যাণমূলক ও বাস্তবমুখী প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে এসব কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচি দুটির মাধ্যমে তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বৃদ্ধি, সৃজনশীল চিন্তার বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে উৎসাহিত করার প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

