‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতেই মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইফতেখার চৌধুরী রায়হানের নেতৃত্বে একটি দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ডকালীন উদ্ধারকাজ এবং বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণের নানা কৌশল বাস্তবে প্রদর্শন করে।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কহিনুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ছারনা নাহিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও পূর্বপ্রস্তুতির বিকল্প নেই। দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি প্রতিটি পরিবারকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করে গড়ে তুলতে হবে। সম্মিলিত উদ্যোগ ও সময়োপযোগী প্রস্তুতির মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
জেএইচআর
