খুলনা গেজেট অক্টোবর ১২, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
সাতক্ষীরা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শামীমা নাসরিন নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্বামী আব্দুল মজিদ। সোমবার (১২ অক্টোবর) সকালে সদর উপজেলার বৈকারী মোল্লার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষিকা শামীমা নাসরিন ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার বৈকারী গ্রামের মো. জালালউদ্দীনের মেয়ে।
সদর থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, সকালে স্বামীর বাইকে চড়ে শামীমা নাসরিন বাবার বাড়ি বৈকারী থেকে বের হয়ে ভাড়ুখালি বিদ্যালয়ে আসছিলেন। পথিমধ্যে সদর উপজেলার বৈকারী মোল্যা বাড়ির মোড়ে বাম দিকে ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সাথে তাদের মোটর বাইকের ধাক্কা লাগে। এতে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান শিক্ষিকা শামীমা নাসরিন। এঘটনায় গুরুতর আহত বাইক চালক আব্দুল মজিদকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করে।
এঘটার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় দেয়। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে
