হিংস্র বন্য ভালুক, যারা মানুষ দেখলে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে, তারা যখন পোষা প্রাণীর মতো আচরণ করে, তখন সেই দৃশ্য সত্যিই অবাক করার মতো। সমাজমাধ্যমে সে রকমই একটি চমকপ্রদ এবং বিস্ময়কর ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, বনের মধ্যে বসবাসকারী এক সাধু পরম মমতায় দু’টি বন্য ভালুককে বিস্কুট খাওয়াচ্ছেন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, ভালুক দু’টি সাধুকে এমন ভাবে জড়িয়ে ধরে আছে, যেন তারা কোনও বন্য প্রাণী নয়, বরং বহু বছর ধরে লালন-পালন করা পোষা প্রাণী। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভিডিয়োয় দেখা গিয়েছে, কোনও ভয় বা দ্বিধা ছাড়াই এক সাধু দু’টি ভালুকের মাঝখানে বসে নিজের হাতে তাদের বিস্কুট খাওয়াচ্ছেন। ভালুকগুলি তাঁর কাঁধে এবং কোলে মাথা রেখে শান্ত ভাবে বিস্কুট খাচ্ছে। কথা বলার সময় সাধু জানান, ভালুক দু’টির নাম ‘সোনু’ ও ‘মোনু’। এই দৃশ্য দেখে উপস্থিত লোকজনও বিস্মিত এবং হতবাক হয়ে পড়েন। একজন প্রত্যক্ষদর্শী অবাক হয়ে সাধুকে জিজ্ঞাসা করেন, ‘‘মহারাজ আপনি এই দু’টি ভালুকের মধ্যে পার্থক্য কী ভাবে করেন, কোনটি সোনু আর কোনটি মোনু, বোঝেন কী করে?’’ তখন সাধু মৃদু হেসে একটি ভালুকের গায়ে হাত রেখে বলেন, ‘‘এ সোনু’’। তার পর অন্যটির গায়ে হাত রেখে বলেন, ‘‘এ মোনু।’’ সাধুর প্রতি ভালুকগুলির অটল বিশ্বাস এবং ভালবাসা দেখে উপস্থিত অনেকেই এই অসাধারণ মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করতে শুরু করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
সমাজমাধ্যমে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘লস্ট টেম্পল্স’ নামের এক্স হ্যান্ডল থেকে। ভিডিয়োটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্মিত, তেমনই অনেকের মনে ভয়ের সঞ্চারও করেছে ভিডিয়োটি। তাঁদের মতে, বন্য প্রাণীর এত কাছাকাছি যাওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘‘সাধুবাবা কোনও এক দিন হয়তো সোনু বা মোনু আপনাকেই আক্রমণ করতে পারে। সাবধান!’’ অন্য একজন লিখেছেন, ‘‘বন্য প্রাণীদের উপর কখওনই ভরসা করা উচিত নয়।’’
