দিনাজপুর অফিস॥ দিনাজপুরে তরুণদের দক্ষতা বৃদ্ধি, সচেতনতা তৈরি এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সক্ষমতা জোরদার করার লক্ষ্যে ‘শোমতায় তারুণ্য প্রজেক্ট’-এর আওতায় অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জেন্ডার স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সাক্ষরতা ও অ্যাডভোকেসি বিষয়ে আলোচনা করা হয়। এতে দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর আদর্শ কলেজ ও সিটি কলেজ, দিনাজপুর-এর ৪২জন তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণ করেন। ১৪ ও ১৫ অক্টোবর ২০২৬ বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী দিনাজপুরের ঘাসিপাড়ায় অবস্থিত এফপিএবি হলরুমে ‘সমতায় তারুণ্য প্রকল্প’-এর আওতায় জাগো বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় এবং উদয়মান সমাজকল্যাণ সংস্থার বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি ছিলেন উদয়মান সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. বেলাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়মান সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ মিজানুর রহমান হাবলু।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো. মুস্তাফিজার রহমান, ফেসিলেটস্, উদয়মান সমাজকল্যাণ সংস্থা।
প্রশিক্ষণে জেন্ডার স্টেরিওটাইপ বা নারী-পুরুষের ভূমিকা নিয়ে প্রচলিত গতানুগতিক ধারণা থেকে বেরিয়ে এসে সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, অনলাইন হয়রানি সম্পর্কে সচেতনতা, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই, গুজব প্রতিরোধ এবং সচেতন নাগরিক হিসেবে তথ্য ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অ্যাডভোকেসি বা জনস্বার্থে দাবি তুলে ধরার কৌশল সম্পর্কে ধারণা দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক সমস্যা চিহ্নিত করা, যৌক্তিকভাবে নিজেদের মতামত প্রকাশ করা এবং ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার বিষয়ে উৎসাহিত করা হয়।
প্রধান অতিথি মো. বেলাল হোসেন তরুণদের জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তরুণ সমাজ একটি দেশের গুরুত্বপূর্ণ শক্তি। তাদের সঠিক দিকনির্দেশনা, প্রয়োজনীয় দক্ষতা এবং সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতা তৈরি করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ডিজিটাল যুগে নিরাপদ থাকা, সঠিক তথ্য জানা এবং বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।
কর্মশালায় অংশগ্রহণকারী ৪২ জন শিক্ষার্থী প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়ে সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করেন এবং প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণ তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি, ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রণের পথ সুগম করতে সহায়ক। তরুণদের দক্ষতা বিকাশ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

