কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মো. রুবেল মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৯ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে অভিযোগ উঠেছে, আর্থিক সুবিধার বিনিময়ে মাদককারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেল ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার সময়ে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ১৮ অক্টোবর রোববার দিবাগত রাতে চিলমারী থানা পুলিশের এসআই অলিউল রহমানের নেতৃত্বে উপজেলার রমনা ইউনিয়নের তেলিপাড়া চৌরাস্তা মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কারবারি মো. রুবেল মিয়া নামে একজনকে আটক করে। তার কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। তবে মাদক কারবারি মো. রুবেল মিয়ার স্বজনরা টাকার বিনিময়ে মোটরসাইকেলটি ছাড়িয়ে নিয়ে যায়।
মকবুল হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি জানান, রোববার রাতে পুলিশের একটি দল রুবেলকে মাদকসহ আটক করে। এসময় মাদককারবারে ব্যবহৃত তার মোটরসাইকেলটি প্রথমে জব্দ করলেও পরে ২০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিয়ে মাদকসহ তাকে থানায় নিয়ে যায়।
আরেকজন স্থানীয় জানান, যেখানে রুবেলকে ধরেছে সেখানেই আমি বসেছিলাম। পুলিশ রুবেলকে ধরার পর তার গাড়ির বৈধ কাগজপত্র নেই এ ধরনের কথা বলে। পরে রুবেলের বাবা ও মাসহ তার স্বজনেরা ২০ হাজার টাকার বিনিময়ে মোটরসাইকেলটি ছাড়িয়ে নেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশ সদস্য এসআই অলিউল রহমান। তিনি বলেন, ‘গাড়িটি রুবেলের বাড়ির সামনে ছিল। সে গাড়ি রেখে পালানোর সময় আমরা তাকে ইয়াবাসহ আটক করি। তাই তার ব্যবহৃত গাড়িটি রেখে আসা হয়।’
চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই।’ কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদেরকে ডেকে কথা বলে দেখছি।’
