বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মামলা হয়েছে প্রায় ১৬ বছর আগে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে। এক যুবককে ‘নপুংসক’ বলে অপমান করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওই যুবকের আত্মহত্যার ঘটনায় অভিনেত্রীর মন্তব্যকে দায়ী করেছে তার পরিবার।
ভারতের উত্তর প্রদেশের ঝাঁসিতে এ ঘটনায় রাখির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
ঘটনাটি ২০১০ সালের। সে সময় রাখি সাওয়ান্তের সঞ্চালনায় টেলিভিশনে প্রচারিত হতো ‘রাখি কা ইনসাফ’ নামের একটি অনুষ্ঠান। দাম্পত্য কলহের সমাধান খুঁজতে লক্ষ্মণ আহিরওয়ার নামে এক যুবক তার স্ত্রীকে নিয়ে ওই অনুষ্ঠানে অংশ নেন। অভিযোগ, অনুষ্ঠানের একটি পর্বে রাখি তাকে ‘নপুংসক’ বলে কটাক্ষ করেন।
লক্ষ্মণের পরিবারের দাবি, অনুষ্ঠানের ওই অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে অতিরিক্ত মদ্যপানে অভ্যস্ত হয়ে পড়েন লক্ষ্মণ। পরে তার আত্মহত্যার ঘটনায় রাখির মন্তব্যকে দায়ী করে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তার মা সাবিত্রী প্রেম।
অভিযোগে বলা হয়, ২০১০ সালের অক্টোবরে প্রচারিত ওই অনুষ্ঠানে রাখি তার ছেলের উদ্দেশে অপমানজনক ও আপত্তিকর ভাষা ব্যবহার করেছিলেন। এর ভিত্তিতে ঝাঁসির আদালতে মামলা করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আদালতে বারবার হাজির হতে ব্যর্থ হওয়ায় রাখির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে এ বিষয়ে রাখি সাওয়ান্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিনয়ের পাশাপাশি নানা বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার পুরোনো মন্তব্যের জেরে নতুন করে আইনি জটিলতায় পড়লেন।
