নিরাপত্তাজনিত পরিস্থিতিতে রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। একইসঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে পর্যটনকেন্দ্র ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। বর্তমানে সেখানে অবস্থানরত পর্যটকদের নির্ধারিত সময়ের মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে বলা হয়েছে।
এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। অবরোধের কারণে সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে যাতায়াতের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে পর্যটকদের যাতায়াতে বিঘ্ন ঘটে।
সাজেকের পরিস্থিতি বিবেচনায় পর্যটনকেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সেখানে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে।
এএইচ
