Published on
:
2 min read
পুজোর দিনগুলিতে তাজা ফুল দিয়ে ঘর সাজাতে ভালো লাগে। এক গোছা ফুলের তোড়া ঘরের কোণে, টি-টেবিল বা ডাইনিং টেবিলে রাখলে ঘরের শোভা বেড়ে যায়। ফুলের ঘ্রাণ আর সৌন্দর্যে ঘরের ভোল পাল্টে যায়। কিন্তু সমস্যা হলো, ফুলের দাম আকাশছোঁয়া এবং ফুল বেশি দিন টাটকা থাকে না। রোজ জল পাল্টানো সত্ত্বেও পচন ধরে যায়। তা হলে কী করবেন?
আগে এই কাজ সেরে নিন
যে পাত্রে ফুল রাখবেন, ফুলদানি হোক বা উরলি বোল, সেটা ভালো করে পরিষ্কার করে নিন। অনেক সময়ে ফুলদানি বা উরলি বাটি পরিষ্কার হয় না। তাই ফুল কয়েক দিনের মধ্যে পচে যায়। পাশাপাশি ফুলদানিতে পরিষ্কার জল ব্যবহার করুন। প্রয়োজনে ওয়াটার পিউরিফায়ারের জল ব্যবহার করুন।
ডাঁটি ও পাতা ছেঁটে ফেলে দিন
ফুলদানির মাপ অনুযায়ী ফুলের অতিরিক্ত ডাঁটি কেটে ফেলে দিন। পাশাপাশি ফুলের ডাঁটিতে থাকা পাতাও কেটে ফেলে দিন। খেয়াল রাখবেন, জলে যেন পাতা না থাকে। পাতা জলের মধ্যে থাকলেই ফুলের ডাঁটিতে পচতে শুরু করবে এবং দুর্গন্ধ ছাড়বে।
সঠিক জায়গায় রাখুন
ফুলদানিটা এমন জায়গায় রাখুন, সেখানে রোদ বা তাপ এসে পৌঁছয় না। অত্যধিক তাপ বা রোদে ফুল দ্রুত শুকিয়ে যেতে পারে। ঘরের আর্দ্রতা কম হলেও ভালো। এতে ফুল অনেক দিন পর্যন্ত তাজা থাকে।
কতদিন অন্তর জল পাল্টাবেন?
ফুলদানির জল পাল্টাতে হবে। অন্তত ২-৩ দিন অন্তর জল বদলে দিন। তিন দিনের বেশি একই জল রাখবেন না। এতে ফুলের ডাঁটিতে পচন ধরা শুরু করবে। যদি প্রয়োজন পরে তা হলে একদিন অন্তরও জল বদলে দিতে পারেন।
কাজে লাগান এই ছোট্ট টোটকা
ফুল টাটকা ও সতেজ রাখার জন্য কাজে লাগান এক ছোট্ট কৌশল। ফুলদানির জলে এক চিমটে চিনি এবং এক চামচ অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে দিন। দেখবেন, এতে ফুল প্রায় এক সপ্তাহের বেশি তাজা রয়েছে। পুজোর দিনে এই টোটকা কাজে লাগিয়ে ফুল দিয়ে ঘর সাজাতে পারেন।
FAQ
১. ফুল বেশি দিন টাটকা রাখবেন কী ভাবে?
ফুলদানি পরিষ্কার রাখুন, ডাঁটি ছেঁটে দিন এবং নিয়মিত জল বদলান।
২. ফুলদানির জল কত দিন অন্তর বদলানো উচিত?
অন্তত ২-৩ দিন অন্তর জল বদলানো উচিত। প্রয়োজন হলে আরও ঘন ঘন বদলাতে পারেন।
৩. ফুলের ডাঁটির পাতা ছেঁটে ফেলা জরুরি কেন?
জলে ডুবে থাকা পাতা পচে গিয়ে জলের গুণমান নষ্ট করতে পারে এবং দুর্গন্ধ তৈরি করতে পারে।
৪. ফুলদানি কোথায় রাখা উচিত?
সরাসরি রোদ ও তাপ থেকে দূরে, তুলনামূলক ঠান্ডা জায়গায় ফুলদানি রাখুন।
৫. ফুল টাটকা রাখতে জলে কী মেশানো যায়?
প্রতিবেদনে এক চিমটে চিনি ও এক চামচ অ্যাপল সিডার ভিনিগার মেশানোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই মিশ্রণ সব ধরনের ফুলের ক্ষেত্রে এক সপ্তাহের বেশি সতেজতা নিশ্চিত করে না।
