গুটি গুটি পায়ে হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠের বাইরের নানা আলোচনা ও বিতর্ক পেছনে ফেলে গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন পর্তুগিজ মহাতারকা। এএফসি চ্যাম্পিয়নস লিগে নেফৎচি ফারগোনার বিপক্ষে গোল করে পেশাদার ক্যারিয়ারে নিজের গোলসংখ্যা সারএ বাড়িয়েছেন তিনি। ঐতিহাসিক এই মাইলফলক স্পর্শ করতে এখন আর বেশিদিন হয়তো অপেক্ষা করতে হবে না রোনালদোর।
প্রথম ম্যাচে আল আইনের কাছে ৪-০ গোলে হারের পর এএফসি চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়িয়েছে আল নাসর। উজবেকিস্তানের নেফৎচি ফারগোনার বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে সৌদি আরবের ক্লাবটি।
সোমবার (১২ অক্টোবর) কিং ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচের ৩০তম মিনিটে নাওয়াফ বৌশালের অ্যাসিস্টে গোল করে আল নাসরকে এগিয়ে দেন অ্যাঞ্জেলো। এর আগে ম্যাচের ১৫তম মিনিটে পেশির চোটে মাঠ ছাড়েন কিংসলে কোমান। তার বদলি হিসেবে মাঠে নামেন আইমান ইয়াহিয়া।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। আইমান ইয়াহিয়ার পাস থেকে বল জালে জড়িয়ে পেশাদার ক্যারিয়ারের ৯৮১তম গোলটি করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ফলে এক হাজার গোলের স্বপ্নপূরণে আরও এক ধাপ এগিয়ে যান তিনি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ফারগোনা। আলিশার ওদিলোভের গোলে ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেয় উজবেকিস্তানের ক্লাবটি। তবে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গোলে আবারও স্বস্তি ফিরে পায় আল নাসর। ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে পাওয়া এই গোলেই ৩-১ ব্যবধান নিশ্চিত হয় সৌদি ক্লাবটির।
এদিকে আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল দলের কোচের সঙ্গে মনোমালিন্যকে কেন্দ্র করে আলোচনায় ছিলেন রোনালদো। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় তাকে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তবে এসব বিতর্ক মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারেনি। টানা দ্বিতীয় ম্যাচে গোল করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন আল নাসর অধিনায়ক। পেশাদার ক্যারিয়ারে হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে এখন তার প্রয়োজন আর মাত্র ১৯ গোল।
সংশ্লিষ্ট সংবাদ: ক্রিশ্চিয়ানো রোনালদো
১০ অক্টোবর ২০২৬
০৯ অক্টোবর ২০২৬
০৮ অক্টোবর ২০২৬
