মানিকগঞ্জ জজকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ আজিজ উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের নিকটস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার বাদ জোহর মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে সেওতা কবরস্থানে দাফন করা হয়।
দীর্ঘদিন আইন পেশায় নিয়োজিত থেকে অ্যাডভোকেট মোহাম্মদ আজিজ উল্লাহ ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সাধারণ মানুষকে আইনি সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি হিসেবে দুর্নীতিবিরোধী সামাজিক কর্মকাণ্ডেও অবদান রাখেন তিনি।
তাঁর মৃত্যুতে মানিকগঞ্জের আইন অঙ্গনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান, অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার (পিপি), বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট নিরঞ্জন বসাক ও বিশিষ্ট সমাজসেবক সরকার মাসুদ। এ ছাড়া তাঁর আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেন উপস্থিত ব্যক্তিরা।
The post মানিকগঞ্জের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আজিজ উল্লাহ আর নেই appeared first on ভোরের চেতনা.
