ঢাকা থেকে কক্সবাজার রুটে আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস চলাচল শুরু করতে যাচ্ছে। আগামী সোমবার (২৬ অক্টোবর) থেকে নতুন রুটে যাত্রী পরিবহন করবে ট্রেনটি। একই সঙ্গে কার্যকর হবে নতুন সময়সূচি। এতে ঢাকা-চট্টগ্রাম রুটের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে মহানগর এক্সপ্রেসের প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ট্রেনটি রাত ৩টায় চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে। এরপর রাত ৩টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।
নতুন সময়সূচি
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে ট্রেনটি কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
যেসব স্টেশনের যাত্রীরা সুবিধা পাবেন
মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করায় ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনের যাত্রীরা কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।
এতদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস বিরতিহীন হওয়ায় এসব স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার সুবিধা পেতেন না। মহানগর এক্সপ্রেসের নতুন রুট চালু হলে এ অঞ্চলের যাত্রীদের ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি পর্যটকের সংখ্যা ও রেলওয়ের আয় বাড়ার সম্ভাবনাও রয়েছে।
কোচ ও আসনসংখ্যা
ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসে থাকবে ১৬টি কোচ। ট্রেনটিতে আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে রোববার।
এর মধ্যে নতুন রুটে ট্রেন চলাচল শুরু করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত ১৬ অক্টোবর থেকে রুটের টিকিট বিক্রিও শুরু হয়েছে।
ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা ও নতুন রেট
ঢাকা-কক্সবাজার রুটে নবসংযোজিত মহানগর এক্সপ্রেস ট্রেনের আসনভিত্তিক ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়সূচী অনুযায়ী ঢাকা থেকে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে সিটের ধরন ভেদে সর্বনিম্ন ৬৮৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার ৫৭০ টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে।
ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের ভাড়ার তালিকা
শোভন চেয়ার (সাধারণ আসন): সর্বনিম্ন ৬৮৫ টাকা
স্নিগ্ধা / এসি চেয়ার ও অন্যান্য ক্যাটাগরি: সর্বোচ্চ ১,৫৭০ টাকা পর্যন্ত
চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের ভাড়ার তালিকা
যারা চট্টগ্রাম থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে চট্টগ্রাম ভ্রমণ করবেন, তাদের জন্য আসনভিত্তিক নির্ধারিত ভাড়া:
সর্বনিম্ন ভাড়া: ২৪০ টাকা
সর্বোচ্চ ভাড়া (এসি ক্যাটাগরি): ৫৪৭ টাকা পর্যন্ত
বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, 'Rail Sheba' মোবাইল অ্যাপ এবং অনুমোদিত স্টেশন কাউন্টারগুলো থেকে নির্ধারিত সিট পছন্দ করে যাত্রীরা সরাসরি এই টিকিট সংগ্রহ করতে পারবেন।
