বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই সময়ের অন্যতম জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী অপু আমান। সঙ্গীতবোদ্ধাদের মতে, অপু আমানের কণ্ঠে যে অনন্য গায়কী রয়েছে, তাঁকে সঠিক ও নিয়মিত কাজের সুযোগ দেওয়া হলে তিনি অনন্য উচ্চতায় অবস্থান করতেন। তবে নানা চড়াই-উৎরাই পেরিয়ে গানের জগতে তাঁর বর্তমান অর্জনও কম নয়। তারই ধারাবাহিকতায় এবার এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন তিনি—একই সিনেমার তিনটি গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।
সম্প্রতি দেশে মুক্তি পেয়ছে বাসু চ্যাটার্জি পরিচালিত ১৯৯৮ সালের কালজয়ী চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’র রিমেক সিনেমা ‘আবার হঠাৎ বৃষ্টি’। সিনেমাটির জনপ্রিয় তিনটি গান—‘একদিন স্বপ্নের দিন’, ‘সোনালী প্রান্তরে’ এবং ‘হঠাৎ বৃষ্টি’—নুতন করে স্থান পেয়েছে এই রিমেক চলচ্চিত্রে।
বিজ্ঞাপন
মূল গানগুলোর কথা ও সুর বিখ্যাত সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর। তবে নতুন এই সিনেমাটিতে গানগুলোর নতুন করে আধুনিক ও সময়োপযোগী সঙ্গীতায়োজন করেছেন অপু আমান নিজেই। পাশাপাশি তিনটি গাতেই তাঁর কণ্ঠ রয়েছে। এর মধ্যে ‘একদিন স্বপ্নের দিন’ গানটিতে তাঁর সাথে সহশিল্পী হিসেবে গাইছেন অনুপমা মুক্তি।
এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অপু আমান বলেন, “শ্রদ্ধেয় হাবিবুর রহমান খান ও ফরিদুর রেজা সাগর স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়া চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ ও হাসান ভাইকেও ধন্যবাদ জানাই। প্রিমিয়ার শোতে শ্রদ্ধেয় সঙ্গীত পরিচালক ইমন সাহা দাদার সঙ্গে নিজের নামটিও দেখতে পেয়ে দারুণ আনন্দিত হয়েছি। এত বড় বড় নক্ষত্রদের সঙ্গে একই কাজের অংশ হতে পেরে প্রিমিয়ারের দিন নিজেকে নিয়ে সত্যিই খুব গর্ব অনুভব হচ্ছিল।”
