প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ১৯৯৬ সালের সেই দেশবিরোধী শক্তি জামায়াত ও আওয়ামী লীগ আবারও এক হয়েছে। এর আগে ১৯৮৬ সালেও দল দুটি এক হয়েছিল বলে দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, একাত্তরকে কেন্দ্র করে অনেকে জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে বিরোধিতা তুলে ধরার চেষ্টা করেন। অথচ একাত্তরের পরও দল দুটি বহুবার এক হয়েছে। জামায়াতের সেক্রেটারির বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কখনো নির্বাচনী বা রাজনৈতিক জোট ছিল না—এমন দাবি সঠিক নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, ১৯৮৬ ও ১৯৯৬ সালে দল দুটি নির্বাচনী বা রাজনৈতিক জোট করেছিল।
প্রধানমন্ত্রীকে স্নাইপারের মাধ্যমে হত্যার হুমকির প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লিখেছেন, একটি স্নাইপারই যথেষ্ট ছিল। ওই যুবক এমন দুঃসাহস কোথায় পেল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, বিরোধী দলের নেতাদের উসকানিমূলক বক্তব্য এ ধরনের যুবকদের উৎসাহিত করছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে পার পাওয়ার সুযোগ নেই। তাঁর ভাষায়, স্নাইপারের মাধ্যমে হামলার হুমকি এক ধরনের হত্যার হুমকি।
