সাবেক ডিআইজির আত্মীয়ের বিরুদ্ধে মামলা
নাচোলে লিজের মেয়াদ শেষে ১১ বিঘা জমি দখলে রাখার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ১০ বছর মেয়াদি লিজের চুক্তি শেষ হওয়ার পরও ১১ বিঘা জমি ও সেখানে নির্মিত ঘর বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে আবু হেনা মোস্তফা জামান ওরফে রিপন মিয়ার বিরুদ্ধে। জমির মালিকদের অভিযোগ, সাবেক ডিআইজি মো. নজরুল ইসলামের আত্মীয় হওয়ায় প্রভাব খাটিয়ে তিনি জমি দখলে রেখেছেন এবং সম্পত্তি ফেরত চাইলে ভয়ভীতি দেখিয়েছেন। তবে সাবেক ডিআইজি নজরুল ইসলাম জমি নিয়ে বিরোধের কথা জানলেও এ বিষয়ে কোনো তদবির করেননি বলে দাবি করেছেন।
এ ঘটনায় জমির মালিকদের একজন মো. আব্দুর রহিম (৫৩) নাচোল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম মির্জাপুর মৌজার জেএল নম্বর ৭১-এর ৪২৭, ৩২৫ ও ২৪ নম্বর দাগে মোট ১১ বিঘা জমি শিবগঞ্জ উপজেলার মহেষপুর গ্রামের মৃত আলহাজ মো. মোকবুল হোসেনের ছেলে আব্দুর রহিম ও তাঁর পাঁচ ভাইয়ের যৌথ মালিকানাধীন। ২০১৬ সালের ১ জানুয়ারি ১০ বছরের জন্য জমিটি পশ্চিম মির্জাপুর গ্রামের আবু হেনা মোস্তফা জামান ওরফে রিপন মিয়াকে লিজ দেওয়া হয়।
চুক্তি অনুযায়ী, লিজ নেওয়ার পর তিনি জমিতে আমবাগান করেন। বাগান দেখাশোনার সুবিধার্থে জমির মালিকদের অনুমতি নিয়ে সেখানে দুই কক্ষবিশিষ্ট একটি বাথানঘরও নির্মাণ করেন। চুক্তির শর্ত ছিল, লিজের মেয়াদ শেষে ঘরটি সরিয়ে জমি খালি অবস্থায় মালিকদের বুঝিয়ে দিতে হবে।
অভিযোগে আরও বলা হয়, লিজ চলাকালে জমির মালিকদের এক ভাই মো. জামিরুল রহমানের কাছ থেকে তিনটি দাগে মোট ১৩ কাঠা জমি কেনেন রিপন মিয়া। তবে অভিযোগকারীর দাবি, চুক্তির শর্ত অনুযায়ী বিভিন্ন দাগে জমি কেনা হলেও তিনি রাস্তা-সংলগ্ন একটি মূল্যবান দাগে পুরো ১৩ কাঠা জমি দখলে রেখেছেন।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর লিজের মেয়াদ শেষ হলেও জমি ও ঘর বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন আব্দুর রহিম। তাঁর দাবি, জমি ফেরত চাওয়ার পর বিষয়টি নিয়ে সালিশের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি।
আব্দুর রহিমের অভিযোগ, সাবেক ডিআইজি নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী নুপুরের প্রভাবের কারণে রিপন মিয়া সালিশের সিদ্ধান্ত মানেননি। গত ১০ অক্টোবর জমি বুঝিয়ে দেওয়ার কথা বললে বিবাদীরা ভয়ভীতি দেখান এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি। পরে গত ১৭ অক্টোবর তাঁরা নিজেরাই নির্মিত বাথানঘরটি ভেঙে ফেলেন বলে জানান।
আব্দুর রহিম আরও দাবি করেন, রিপন মিয়া সাবেক ডিআইজি নজরুল ইসলামের স্ত্রীর ভাই এবং রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক ও পারিবারিক প্রভাব ব্যবহার করে লিজের মেয়াদ শেষ হওয়ার পরও জমি দখলে রাখা হয়েছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত প্রতিকার চেয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে অবসরপ্রাপ্ত ডিআইজি নজরুল ইসলাম বলেন, “আবু হেনা মোস্তফা জামান আমার স্ত্রীর ভাই। জমি নিয়ে সমস্যা চলছে, তা শুনেছি। তবে এ ব্যাপারে আমি কারও কাছে কোনো ধরনের তদবির করিনি।”
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
.jpg&w=1440&q=75)