নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সংসদ ভবনে কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি, মোছাঃ তাহসিনা রুশদীর এমপি, শাহজাহান চৌধুরী এমপি, মোঃ নূরুল ইসলাম এমপি ও আখতার হোসেন এমপি অংশ নেন।
বৈঠকের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে বৈঠকের কার্যক্রম শুরু হয়।
বৈঠকে কমিটির সদস্যদের সঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধনপূর্বক নিশ্চিত করা হয়। পাশাপাশি বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাবসংক্রান্ত কমিটির কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়।
সংসদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সদস্যদের বিল উত্থাপনের ক্ষেত্রে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেয় কমিটি।
বৈঠকে বেসরকারি সদস্যদের উত্থাপিত কোনো বিল অর্থ বিল হিসেবে বিবেচিত হলে রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজনীয়তা এবং এ-সংক্রান্ত সম্মতি গ্রহণের প্রক্রিয়া সহজ ও দ্রুত করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যথাযথ পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
এ ছাড়া, বেসরকারি সদস্যদের দাখিল করা কোনো বিল অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ হলে সংশ্লিষ্ট সদস্যকে এক সপ্তাহের মধ্যে ত্রুটির কারণ উল্লেখ করে লিখিতভাবে অবহিত করার সুপারিশ করে কমিটি।
বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
