দিনাজপুরের নবাবগঞ্জে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত প্রায় ১২ লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর রাত ২টা ১৫ মিনিট থেকে ২টা ৪০ মিনিটের মধ্যে নবাবগঞ্জ উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জামালপুর মোজাহর বাবারহাট থেকে ভাদুরিয়াগামী সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ১২ থেকে ১৩ জনের একটি ডাকাত দল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানসহ চারটি যানবাহনের গতিরোধ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রী ও চালকদের জিম্মি করে মারধর করা হয় এবং প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মো. আরাফাত প্রামাণিক বাদী হয়ে ১২ অক্টোবর নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার তদন্তে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ দল মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ১৯ অক্টোবর বিভিন্ন স্থান থেকে ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— শাকিল সরকার (২৬), রুহুল আমিন (৩৭), রাশেদ মিয়া (৩০), রবিউল প্রধান ওরফে রুবেল (৩৫), সাজু মিয়া (৩৫), আরিফুল ইসলাম চেয়ারম্যান (৪২), শাহিন মিয়া (৩০) ও মিরাজ মিয়া (২৭)। তাদের মধ্যে কয়েকজনের বাড়ি ফরিদপুর ও গাইবান্ধায় এবং বাকিদের রংপুরে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে লুণ্ঠিত ১৪ হাজার টাকা, বিভিন্ন ব্র্যান্ডের ২৮টি মোবাইল ফোন, চারটি ল্যাপটপ, তিনটি ট্যাব, মোবাইল ফোনের যন্ত্রাংশভর্তি তিনটি বস্তা, মোটরসাইকেলের কভার এবং ১০টি ভাউচার ডকুমেন্ট। উদ্ধার হওয়া মোবাইল ফোনের মধ্যে Samsung S24 Ultra, Samsung S23, Samsung A16, Vivo Y36 ও Tecno Spark 80-সহ বিভিন্ন মডেলের ফোন রয়েছে। এ ছাড়া Symphony ও OPPO F25 Pro মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি করাত ও একটি কাস্তে উদ্ধার করা হয়েছে।
দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
