আসন্ন দুর্গাপূজায় যাত্রীদের যাতায়াত সহজ করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি যাত্রীচাপ সামলাতে পাঁচটি ট্রেনের নির্ধারিত সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা স্পেশাল-৩ আগামী ২০ অক্টোবর চলবে। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২ চলবে ২০, ২৩ ও ২৪ অক্টোবর। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে চট্টগ্রাম স্পেশাল-৪ চলবে ২৪ অক্টোবর।
যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। এ ছাড়া জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ প্রত্যাহার করা হয়েছে।
পূজার সময় অতিরিক্ত যাত্রী পরিবহনে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ ট্রেনে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী ইঞ্জিন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ট্রেনের সময়সূচি ঠিক রাখতে গুরুত্বপূর্ণ স্টেশন ও সিগন্যাল কেবিনে তদারকি বাড়ানো হবে।
রেললাইন ও সেতুর নিরাপত্তায় বিশেষ টহলের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি কোচ ও ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ জোরদার এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় রিলিফ ট্রেন প্রস্তুত রাখা হবে।
ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। ঢাকা ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের ব্যবস্থাও রাখা হবে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ কমিশনার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
