ছবি: খবরের কাগজ
-->ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ী সুমন মৃধাকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৮। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১ লাখ ৯ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার (২১ অক্টোবর) সকালে এসআরবি ৮-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তারের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় সুমন হোসেন মৃধার পথরোধ করে দুর্বৃত্তরা। এ সময় ধারালো রামদা ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে বিকাশের ৭ লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ১৮ অক্টোবর ভুক্তভোগী সুমন মৃধা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর রাতে এসআরবি ৮-এর একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
তারা হলেন, শুক্তাগড় ইউনিয়নের নারিকেলবাড়িয়া এলাকার মো. গণী শরীফের ছেলে মো. আফজাল হোসেন (৫০), মো. মনজুরুল আলম মুন্নার ছেলে মো. লিটন হাওলাদার (৩০), মৃত ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে মো. আবুল কালাম (৩৮), সদর ইউনিয়নের বারবাকপুর এলাকার মো. আবুল খায়ের মৃধার ছেলে মো. চান মিয়া (২৯), মো. মজিবর হাওলাদারের ছেলে মো. মামুন হাওলাদার (২৪)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রাজাপুর থানায় হস্তান্তর করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কামাল বলেন, ‘এসআরবির সহায়তায় এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুর দুইটার দিকে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’
নেয়ামুল আহসান/অলি/
