ডেস্ক রিপোর্ট: ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সরকারি আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে। ২০২৫-২৬ অর্থবছরে আবেদন করেও যারা অনুদানের অর্থ পাননি, তাদের অপেক্ষমাণ আবেদন নতুন অর্থবছরে স্বয়ংক্রিয়ভাবে বিবেচনা করা হবে না।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা-১ শাখা থেকে গত ৫ অক্টোবর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে উল্লিখিত সাত রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রমের আওতায় নির্ধারিত সফটওয়্যারে যেসব আবেদন থেকে অর্থ বিতরণ করা সম্ভব হয়নি, সেসব অপেক্ষমাণ আবেদন জেলা পর্যায় থেকে সংশ্লিষ্ট উপজেলা ইউনিটে স্থানান্তরের প্রস্তাব দিয়েছিল সমাজসেবা অধিদপ্তর।
তবে আগের অর্থবছরের এসব আবেদন ২০১৯ সালের সংশ্লিষ্ট কর্মসূচি বাস্তবায়ন নীতিমালার আলোকে করা হয়েছিল।
অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য অনুদানের পরিমাণ ও রোগের আওতা বাড়িয়ে ‘ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০২৬ (সংশোধিত)’ প্রণয়ন করা হয়েছে।
এ পরিস্থিতিতে আগের অর্থবছরের অপেক্ষমাণ আবেদন স্থানান্তর না করে নতুন নীতিমালার আলোকে পুনরায় আবেদন আহ্বানের মাধ্যমে অনুদানের অর্থ বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
ফলে ২০২৫-২৬ অর্থবছরে আবেদন করেও সহায়তা না পাওয়া রোগীদের নতুন অর্থবছরে অনুদান পেতে নতুন করে আবেদন করতে হবে।
সূত্র: বাংলা ট্রিবিউন
