পাবনার ঈশ্বরদীতে দেশের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল সীমানার মাত্র ১০ গজ দূরত্বের একটি ব্যস্ত সড়কে বুধবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে খড়বোঝাই একটি ভুটভুটিতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রূপপুর মোড় এলাকা থেকে খড়বোঝাই ভুটভুটিটি ভেড়ামারার দিকে যাচ্ছিল। যাত্রাপথে রূপপুর প্রকল্পের মূল ফটকের সামনের সড়কে পৌঁছানোর পর চালক সিগারেট ধরাতে যান। ওই সময় প্রচণ্ড বাতাসের কারণে সিগারেটের আগুন দ্রুত ভুটভুটিতে থাকা শুকনো খড়ে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই লেলিহান শিখা দেখতে পাওয়া যায়।
ঘটনার সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত যৌথ বাহিনী ও ঈশ্বরদী ট্রাফিক পুলিশের সদস্যরা চরম তৎপরতা দেখিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ও স্থানীয় লোকজনের সহায়তায় অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ভুটভুটির চালক গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, রূপপুর প্রকল্পের বাইরে সড়কের ওপর খড়বোঝাই একটি গাড়িতে আগুন লাগার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তার পরিবেশ স্বাভাবিক রয়েছে।
