এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদের তিন ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, এনদ্রিক ও ইয়ান দিয়োমান্দেকে নিয়ে সতর্ক বার্সেলোনা। প্রতিপক্ষের এই তিন খেলোয়াড়ের সামর্থ্য স্বীকার করে পুরো ম্যাচে মনোযোগ ধরে রাখার ওপর জোর দিয়েছেন বার্সা ডিফেন্ডার পাউ কুবার্সি।
লা লিগার দশম রাউন্ডে আজ দিবাগত রাত ২টায় ক্যাম্প ন্যুতে খেলতে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল বার্সা ও রিয়াল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে প্রতিপক্ষের আক্রমণভাগ নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন কুবাসি। তাঁর মতে, রিয়ালের কয়েকজন খেলোয়াড় যেকোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে আইভোরিয়ান উইঙ্গার ইয়ান দিয়োমান্দের প্রশংসা করেন কুবাসি। সাম্প্রতিক ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্সের পাশাপাশি রিয়ালের খেলার ধরনেও স্পষ্ট পরিকল্পনা দেখছেন তিনি।
কুবার্সি বলেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোতে দিয়োমান্দে উচ্চ মানের পারফরম্যান্স দেখিয়েছে। রিয়াল মাদ্রিদও এখন তাদের খেলার ধরন নিয়ে বেশ সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। দিয়োমান্দের পাশাপাশি তাদের বাকি খেলোয়াড়দেরও থামানোর চেষ্টা করতে আমাদের পুরোপুরি মনোযোগী থাকতে হবে। প্রতিপক্ষের গোলের সুযোগ যতটা সম্ভব কমিয়ে এনে নিজেদের জয়ের সম্ভাবনা বাড়াতে হবে।’
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিককেও সমীহ করছেন কুবার্সি। শুরুতে খুব বেশি খেলার সুযোগ না পেলেও এখন ধীরে ধীরে ম্যাচের ছন্দ ফিরে পাচ্ছেন এই তরুণ, মনে করেন কুবাসি, ‘এনদ্রিক খুব ভালো একজন খেলোয়াড় এবং তার মধ্যে দারুণ সম্ভাবনা রয়েছে। হয়তো শুরুর দিকে সে খুব বেশি খেলার সুযোগ পায়নি। তবে এখন সে ম্যাচ খেলার ছন্দ ফিরে পেতে শুরু করেছে। সে এমন একজন খেলোয়াড়, যার দিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে।’
তবে কুবার্সির সবচেয়ে বড় সতর্কবার্তা এমবাপ্পেকে নিয়ে। ব্যক্তিগত নৈপুণ্যে ফরাসি ফরোয়ার্ড যে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারেন, তা মনে করিয়ে দিয়েছেন তিনি। এমবাপ্পেকে থামাতে পুরো ৯০ মিনিট মনোযোগ ধরে রাখার বিকল্প দেখছেন না বার্সা ডিফেন্ডার।
কুবাসির ভাষায়, ‘এমবাপ্পে অসাধারণ সম্ভাবনাময় একজন খেলোয়াড়। সে একাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। পুরো ৯০ মিনিট মনোযোগ ধরে রাখতে হবে, কারণ সে যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে সক্ষম। এ কারণেই তার বিপক্ষে খেলতে হলে আমাদের সর্বোচ্চ মাত্রার মনোযোগ ধরে রাখতে হবে।’
এদিকে, রিয়ালের একাদশে ভিনিসিয়ুস জুনিয়র থাকুন বা না থাকুন, প্রতিপক্ষের সব খেলোয়াড়কে বিবেচনায় রাখছে বার্সা। কুবার্সি জানিয়েছেন, শুরুর একাদশের পাশাপাশি বদলি বেঞ্চে থাকা খেলোয়াড়দের মোকাবিলা করতেও প্রস্তুত দল।
এই প্রসঙ্গে কুবার্সি বলেন, ‘সত্যি বলতে, প্রতিপক্ষ দলে কোন কোন খেলোয়াড় আছে, তা নিয়ে আমরা খুব বেশি ভাবি না। একাদশ জানার পর যাঁদের থামাতে হবে, তাঁদের মোকাবিলা করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিই। তবে বদলি বেঞ্চে থাকা খেলোয়াড়দের কথাও আমাদের মাথায় থাকে।’
