চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক ও দৈনিক আজাদীর সাবেক সিনিয়র সহ-সম্পাদক সুলতান আহমেদ আশরাফী আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটায় নগরের পার্কভিউ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে আটটায় নগরের দেবপাহাড় জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের পর বাঁশখালী উপজেলার সরল গ্রামের মধ্যম সরল বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
সুলতান আহমেদ আশরাফী চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন দৈনিক আজাদীতে সিনিয়র সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সিইউজের সাবেক সহসভাপতি ও কোষাধ্যক্ষ ছিলেন তিনি। বাঁশখালী ফাউন্ডেশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রামের বিভিন্ন সাংবাদিক সংগঠনের অধিকার আদায়ের আন্দোলন ও কর্মকাণ্ডে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রেখেছেন এই প্রবীণ সাংবাদিক।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
সুলতান আহমেদ আশরাফীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। পৃথক শোকবার্তায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শোক প্রকাশ করেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়া শোক জানিয়েছেন বাঁশখালী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
