কালবেলা · আন্তর্জাতিক
ডিআর কঙ্গোতে ইবোলায় ১০ শিক্ষার্থীর মৃত্যু
১৫/১০/২০২৬

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ১০ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। নতুন শিক্ষাবর্ষ শুরুর এক মাসের বেশি সময় পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সংক্রমণের এ তথ্য সামনে এল।
প্রাদেশিক রাজধানী বুনিয়ার শিক্ষা কর্মকর্তাদের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, প্রদেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ইবোলায় আক্রান্ত হওয়ার ২৫টি নিশ্চিত ঘটনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে এবং সাতজনকে বিশেষায়িত ইবোলা চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাদেশিক শিক্ষা কর্মকর্তা ইয়ভন মুকে স্কুলগুলোতে ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে সংক্রমণ সীমিত রাখতে স্বাস্থ্যবিধি ও সুরক্ষাব্যবস্থা আরও কঠোর করতে হবে।
মুকে জানান, আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় সরকার স্কুলগুলোতে ইবোলা মোকাবিলার কার্যক্রম জোরদার করছে। এর অংশ হিসেবে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য জীবাণুনাশক এবং সুরক্ষাসামগ্রী বিতরণ করা হচ্ছে।
নতুন শিক্ষাবর্ষ শুরুর পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সংক্রমণের ঘটনা শনাক্ত হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্কুলে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।
ইবোলা একটি গুরুতর সংক্রামক রোগ, যা আক্রান্ত ব্যক্তির রক্ত ও অন্যান্য শারীরিক তরলের সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়াতে পারে। সময়মতো শনাক্তকরণ, সংক্রমণ প্রতিরোধ এবং যথাযথ চিকিৎসা এ রোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ।
সূত্র: আনাদোলু এজেন্সি
মূল প্রতিবেদনে যান ↗