কালবেলা · সাধারণ
রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
২২/১০/২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রূপগঞ্জের মৈকুলী এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৫৫) এবং একই এলাকার রিফাত হোসেন (২০)। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর ইনচার্জ জসিম উদ্দিন।
ইন্সপেক্টর জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রূপসীর দিকে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন ও তিনজন আহত হন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মূল প্রতিবেদনে যান ↗