মোঃ আজাদ আলী, জয়পুরহাট:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আল-মামুন মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন মহীপুর সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ আক্তার জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তানবিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, লাল বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান এবং অভিভাবক সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৯৯ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধিত করেন অতিথিরা।
এবারের পরীক্ষায় পাঁচবিবি উপজেলায় সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান অধিকার করেছে সাবিহা মমতাহ অর্নি। সে পাঁচবিবি নছির মণ্ডল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তার প্রাপ্ত নম্বর ১ হাজার ১৫০।
কৃতি শিক্ষার্থীদের এ অর্জনে তাদের অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়।
The post পাঁচবিবিতে জিপিএ-৫ প্রাপ্ত ৯৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা appeared first on Ctgtimes.com.
