সম্মেলনে ১৫টি দেশের গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও উপাচার্যরা অংশ নিচ্ছেন।
Published : 17 Oct 2026, 11:50 PM
Updated : 17 Oct 2026, 11:50 PM
রাজধানীতে আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ (আইসিকেআইইএল-২০২৬)’ শিরোনামে শিক্ষা সম্মেলন শুরু হয়েছে।
তিন দিনের এ সম্মেলন শনিবার উদ্বোধন করা হয় বলে শিক্ষাপ্রতিষ্ঠানটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়া (ইউএসআইএম) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) যৌথভাবে এ আয়োজন করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক ও ভারতসহ ১৫টি দেশের গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও উপাচার্যরা অংশ নিচ্ছেন।
উদ্বোধন অনুষ্ঠানে ইউএসআইএম উপাচার্য অধ্যাপক শরিফুদ্দিন বিন মো. শারানি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ফাজলী ইলাহী, আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এক্সটেনশন সার্ভিসেসের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সারওয়ার মোর্শেদ এবং বিআইআইটির মহাপরিচালক অধ্যাপক এম আবদুল আজিজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিআইআইটি ও মালয়েশিয়ার ইউএসআইএমের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেন বিআইআইটির আবদুল আজিজ এবং ইউএসআইএমের শারানি।
সম্মেলনে মালয়েশিয়ার 'ইন্টিগ্রেটেড এডুকেশন', তুরস্কের 'মারিফ মডেল', ইন্দোনেশিয়ার 'মারদেকা কারিকুলাম' এবং বাংলাদেশের শিক্ষা সংস্কারের রূপরেখা নিয়ে প্রায় ১০০টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
প্রথম দিনে পাঁচটি সেশনে একাধিক প্রবন্ধ উপস্থাপন করবেন গবেষকরা। আগামী সোমবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনের এ সম্মেলন শেষ হবে।
