নরসিংদীর রায়পুরায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
রোববার (১৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চর মরজাল গ্রামের আড়িয়াল খাঁ নদীর ওপর বাঘমারা সেতুতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর এলাকার বিজয় মিয়া (২৩) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর এলাকার জুম্মন মিয়া (১৯)।
রায়পুরা থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উত্তর বাখরনগর এলাকা থেকে দুই অস্ত্রধারী ব্যক্তি মোটরসাইকেলে করে বাঘমারা সেতু হয়ে মরজাল বাজারের দিকে যাবেন। এ তথ্যের ভিত্তিতে রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়জিদ বিন মনসুরের নেতৃত্বে সেতুতে চেকপোস্ট বসানো হয়।
রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে কালো রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন সুজুকি মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বিজয় মিয়ার পরিহিত হাফপ্যান্টের পেছনে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে অস্ত্র, গুলি ও মোটরসাইকেল জব্দ করে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সোমবার (১৯ অক্টোবর) রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়জিদ বিন মনসুর বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের নজরদারি অব্যাহত আছে।
এমএস/
