শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকার পাশাপাশি এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনো লেনদেন হবে না।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে।
তবে ছুটির সমন্বয়ে আগামী ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই দিন স্বাভাবিক কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। গত রোববার (১১ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় একই সময়ে দেশের দুই শেয়ারবাজার ডিএসই ও সিএসইতে লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন ও অর্থ নিষ্পত্তি সরাসরি সম্পৃক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুর্গাপূজার ছুটিতেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে সীমিত পরিসরে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা চালু থাকবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছুটির সমন্বয়ে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্তও জানানো হয়। ফলে নির্ধারিত ছুটির আগে ১৭ অক্টোবর ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করার সুযোগ থাকলেও ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সাধারণ ব্যাংকিং ও শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে।
The post দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার appeared first on ভোরের চেতনা.
