ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার জেরে ২০২৬ সালের ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) সম্মেলন স্থগিত করেছে সৌদি আরব। ‘ডাভোস ইন দ্য ডেজার্ট’ নামে পরিচিত সম্মেলনটি আগামী বছর অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর আল জাজিরার।
আগামী ২৬ অক্টোবর সম্মেলনটি শুরু হয়ে ২৯ অক্টোবর পর্যন্ত চলার কথা ছিল। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আগামী বছরের আয়োজনের তারিখ খুব শিগগির ঘোষণা করা হবে।
এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, আমাদের অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি গভীর দায়বদ্ধতা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এটি আমাদের দশম আয়োজন। তাই আমরা নিশ্চিত করতে চাই, সম্মেলনটি যেন প্রত্যাশিত ব্যাপকতা, অসাধারণ মান এবং স্মরণীয় প্রভাব নিয়ে অনুষ্ঠিত হয়; যা আমাদের অংশীজনেরা আশা করেন এবং প্রকৃতপক্ষেই প্রাপ্য।
সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের আদলে এফআইআইকে অনানুষ্ঠানিকভাবে ‘ডাভোস ইন দ্য ডেজার্ট’ বলা হয়। সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সম্মেলনে দেশটির বড় বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা হয়। তেল-গ্যাসনির্ভর অর্থনীতি থেকে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে বিপুল বিদেশি বিনিয়োগ আকর্ষণ করাই এর অন্যতম উদ্দেশ্য।
এফআইআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে বক্তা হিসেবে থাকার কথা ছিল অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লরেন্স ফিঙ্কের।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইরানপন্থি হুতিদের লড়াই সাম্প্রতিক সপ্তাহগুলোতে তীব্র হয়েছে। আনসার আল্লাহ নামেও পরিচিত হুতিরা সৌদি আরবের বিভিন্ন সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হয়েছেন।
হুতিদের বারবার হামলার মুখে সৌদি রাজধানী রিয়াদের সরকারি সংস্থাগুলো কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। এক কর্মী ও দুই পরামর্শদাতার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টার ভবন কর্তৃপক্ষও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মীদের সেখানে না যেতে বলেছে। ভবনটিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আঞ্চলিক কার্যালয় রয়েছে।
রোববার রাজধানীর একটি সরকারি সংস্থার এক কর্মী বার্তা পান, ‘চলতি সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দূরবর্তীভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বার্তায় আরও বলা হয়, ‘সবাইকে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।’
এ ছাড়া যুক্তরাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানের কার্যালয় থাকা কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের বিভিন্ন কোম্পানিও কর্মীদের বাসা থেকে কাজ করতে বলেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
সূত্র : আল জাজিরা
