চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো কার্যকর ভূমিকা নেই এবং এতে বিরোধী দল কিংবা জনগণের কোনো মূল্য দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এই সংসদ পাঁচ বছর টিকবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি এটিকে একটি একক সংখ্যাগরিষ্ঠ দলের সংসদে পরিণত করার অভিযোগ তুলেছেন।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে এনসিপির লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের নির্ধারিত বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর পর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত এই নতুন সংসদের গুরুত্ব আজ হারিয়ে গেছে। বিরোধী দল ও সাধারণ মানুষের কণ্ঠস্বর সেখানে উপেক্ষিত হওয়ায় তাঁরা বাধ্য হয়ে জনগণের কাছে এবং রাজপথে ফিরে এসেছেন।
তিনি বলেন, নির্বাচনের সময় জনগণ যে রূপরেখা ও আকাঙ্ক্ষার পক্ষে মত দিয়েছিল, বর্তমান প্রশাসন সেখান থেকে সরে এসে পুরোনো বন্দোবস্ত বহাল রেখেছে। রাজনৈতিক সদিচ্ছার অভাবে দেশের আইনশৃঙ্খলা, জ্বালানি খাত ও নিত্যপণ্যের বাজারে মারাত্মক অস্থিরতা বিরাজ করছে বলে তিনি দাবি করেন।
দেশের চলমান নানা সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, এলপিজি গ্যাসসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম খুচরা বাজারে হু হু করে বাড়ছে, যা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এ ছাড়া সম্প্রতি বিভিন্ন স্থানে হামলা ও বিশৃঙ্খলা প্রমাণ করে নাগরিক নিরাপত্তার বিষয়টি চরম হুমকির মুখে পড়েছে।
যানবাহন খাত ও বিভিন্ন স্থানে নির্বিচারে চাঁদাবাজির তীব্র সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, দখলদারিত্ব ও অবৈধ লেনদেনের কারণে দেশের অর্থনৈতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
জেএইচআর
