প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক প্রকল্প ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম-১৩) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।
অনুষ্ঠানে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলী, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুল উদ্দিন সবুজ, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম হারুনুর রশিদ (লাল গোলাপ), শিকলবাহা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবু তাহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান দোভাষ এবং সংসদ সদস্যের একান্ত সহকারী মোহাম্মদ আখতার নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম বলেন, “ফ্যামিলি কার্ড প্রাপ্তির প্রক্রিয়ায় কোনো ধরনের অর্থ লেনদেনের সুযোগ নেই। আবেদন বা তথ্য প্রদানের জন্য কাউকে কোনো ফি দিতে হবে না। কার্ড দেওয়ার নামে কেউ অর্থ দাবি করলে বা অনিয়মের চেষ্টা করলে সরাসরি প্রশাসনকে জানানোর অনুরোধ করা হচ্ছে।”
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুর আলী জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত ও সাধারণ মানুষকে সচেতন করতে স্থানীয় মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। এ তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে প্রতিটি পরিবারের প্রকৃত তথ্য সংরক্ষণ করে যোগ্যদের সুবিধাভোগী তালিকার আওতায় আনা হবে।
জেএইচআর
