সারা রাত ঘরের ভিতরেই ঘাপটি মেরে থাকল গোখরো। টেরই পেল না ভাই-বোন। ভাবল, ঘরে হয়তো ইঁদুর ঢুকেছে! ফলত, নিশ্চিন্তেই বিষধরের সঙ্গে এক ঘরে রাত কাটাল তারা। পরের দিন সকাল হতেই চোখ কপালে উঠল পরিবারের সকলের। ঘটনা জানার পর আঁতকে উঠলেন বাচ্চাদের মা-বাবা। সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি বেঙ্গালুরুর বাগালগুন্টের কাছে ভৈরবেশ্বর নগরের একটি বাড়িতে ঘটেছে। অনুমান করা হচ্ছে, রাতে বাচ্চাদের শোয়ার ঘরের জানলা দিয়ে গোখরোটি ভিতরে ঢুকে পড়ে। পরে বাচ্চারা জানায়, ঘুমের মধ্যে তাদের মনে হয়েছিল, গায়ের উপর দিয়ে কিছু একটা সরসর করে চলে যাচ্ছে। তাতে তাদের ঘুম ভেঙে যায়। চোখ খুলে অবশ্য আশপাশে তেমন কিছু দেখতে পায়নি তারা। ফলত, দুই ভাই-বোনই আবার ঘুমিয়ে পড়ে। তারা আসলে ভেবেছিল, হয়তো কোনও ইঁদুর তাদের ঘরে ঢুকে পড়েছে।
পরের দিন সকালে বিছানা গোছানোর সময় সাপটি পরিবারের সদস্যদের নজরে আসে। দাবি অনুসারে, গোখরোটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট। এর পর সাপ ধরতে অভ্যস্থ, এমন এক অভিজ্ঞ ব্যক্তিকে ডেকে পাঠানো হয়। তিনি এসে সাপটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যান বলে জানা গিয়েছে। এই ঘটনায় শরীরিক ভাবে কারও কোনও ক্ষতি হনি।
ঘটনার যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, বিছানায় বালিশের নীচে গুটিসুটি মেরে রয়েছে গোখরো। আঁকশির সাহায্যে বালিশ সরাতেই সেটি নড়াচড়া করে উঠল। মানুষের উপস্থিতি টের পেয়ে ফণা বার করে পিছিয়ে যেতে লাগল। সেই সময় সাপ ধরতে আসা ব্যক্তি আঁকশি নিয়ে গোখরোটির দিকে পুনরায় এগিয়ে যেতে লাগলেন। জানা গিয়েছে, শেষমেশ নিজের কাজে সফল হন তিনি। ভয় ধরানো সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
‘টিভি৫কন্নড়’ নামের স্থানীয় সংবাদমাধ্যম এক্স হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট করেছে। ইতিমধ্যেই অসংখ্য নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্য জমা পড়েছে প্রচুর পরিমাণে। বালিশের নীচে গোখরোকে ঘাপটি মেরে থাকতে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে নেটপাড়া।
