ঢাকা,২৫ অক্টোবর-কানাডায় অবস্থানরত পুলিশ সুপার ড. তানিয়া আনসারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আজ রবিবার প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. তানিয়া আনসারী বর্তমানে কানাডায় অবস্থান করছেন। এর আগে তিনি ঢাকা পুলিশ টেলিকমে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। এ পরিস্থিতিতে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন বলে বিবেচনা করে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ড. তানিয়া আনসারীকে ২০২৫ সালের ১০ মে থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন তিনি পুলিশ সদর দপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এস এম/ ২৫ অক্টোবর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::কানাডায় থাকা পুলিশ সুপার তানিয়া আনসারী সাময়িক বরখাস্ত first appeared on DesheBideshe.