বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
’ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মতিউর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান, বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার নূরুল ওয়াদুদ, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুপ জিন্নাত রিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সতর্কবার্তা সম্পর্কে সচেতনতা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে মানুষের ধারণা থাকা জরুরি। দুর্যোগ মোকাবিলায় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করা, নিরাপদ আশ্রয় গ্রহণ, আগাম সতর্কবার্তা অনুসরণ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দেওয়ার মাধ্যমে দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
