জেমস বন্ডের চরিত্রে ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর থেকেই নতুন অভিনেতাকে নিয়ে চলছে নানা জল্পনা। সেই আলোচনায় এবার উঠে এসেছে স্কটিশ অভিনেতা জ্যাক লোডেনের নাম। তাকে নিয়ে গুঞ্জনের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছেন তার স্ত্রী, চারবারের অস্কার মনোনীত অভিনেত্রী সাওয়ার্সি রোনান। তবে বন্ডের জগতে প্রবেশ করতে চাইলে নায়িকা নয়, বরং খলনায়িকার চরিত্রেই দেখা যেতে চান তিনি। রোনানের ভাষায়, ‘আমি অন্ধকারে ডুব দিতে চাই।’
সাওয়ার্সি রোনান
লোডেনের নাম নতুন জেমস বন্ড হিসেবে আলোচনায় আসার পেছনে রয়েছেন তার সহ-অভিনেতা গ্যারি ওল্ডম্যান। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, গত মাসে কানাডার টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য মর্নিং শো’-তে কথা বলার সময় ওল্ডম্যান জানান, বন্ড চরিত্রের সম্ভাব্য অভিনেতাদের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে লোডেনের নাম। এমনকি নতুন বন্ড নির্বাচন হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। লোডেনের জন্য শুভকামনাও জানান এই অভিনেতা।
অ্যাপল টিভির গুপ্তচরবিষয়ক ধারাবাহিক ‘স্লো হর্সেস’-এ একসঙ্গে অভিনয় করেছেন ওল্ডম্যান ও লোডেন। তবে পরে নিজের বক্তব্যের বিষয়ে কিছুটা ব্যাখ্যা দেন ওল্ডম্যান। নতুন বন্ড হিসেবে কাকে বেছে নেয়া হয়েছে, তা তিনি নিশ্চিতভাবে জানেন না এমন ইঙ্গিতও পাওয়া যায় তার বক্তব্যে। এ বিষয়ে অ্যামাজন এমজিএম স্টুডিওসের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এদিকে স্বামীকে ঘিরে বন্ড হওয়ার গুঞ্জন নিয়ে আগ্রহ না দেখালেও এই ফ্র্যাঞ্চাইজিতে নিজের সম্ভাব্য উপস্থিতি নিয়ে বেশ স্পষ্ট রোনান। এম্পায়ার সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বলেছিলাম, বন্ডের খলনায়িকা হতে চাই। কথাটা আমি একেবারেই সিরিয়াসলি বলেছি।’
ড্যানিয়েল ক্রেগের
রোনানের মতে, বন্ডের গল্পে তরুণী কোনো খলনায়িকার চরিত্র বেশ আকর্ষণীয় হতে পারে। নিজের ভেতরে জমে থাকা ক্ষোভকে নির্দিষ্ট কোনো লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত করছে এমন চরিত্রের মধ্যে নাটকীয়তার পাশাপাশি জটিল মনস্তত্ত্বও তুলে ধরার সুযোগ রয়েছে। পর্দায় নারীর এমন ভিন্ন ও শক্তিশালী রূপ ফুটিয়ে তুলতে আগ্রহী তিনি।
‘লেডি বার্ড’, ‘লিটল উইমেন’ ও ‘দ্য আউটরান’-এর মতো সিনেমায় জটিল চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন রোনান। এবার কিছুটা ভিন্ন মেজাজের চরিত্রে অভিনয় করতে চান এই অভিনেত্রী। তার নতুন সিনেমা ‘ব্যাড অ্যাপলস’-এও দেখা যাবে এমন এক চরিত্র, যার ভালো-মন্দের সীমারেখা স্পষ্ট নয়।
সিনেমাটিতে মারিয়া নামের এক শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন রোনান। এক অবাধ্য শিক্ষার্থীকে সামলাতে গিয়ে পরিস্থিতি এমন দিকে মোড় নেয় যে একপর্যায়ে শিক্ষার্থীটিকে নিজের বাড়ির নিচতলার একটি ঘরে আটকে রাখেন মারিয়া। পরে শিক্ষার্থীর অনুপস্থিতিতে শ্রেণিকক্ষের পরিবেশ ভালো হয়ে উঠলে নৈতিক সংকটে পড়েন তিনি। চরিত্রটি নিয়ে রোনানের ব্যাখ্যা, মারিয়াকে পুরোপুরি ভালো কিংবা খারাপ—কোনো একটি পরিচয়ে আটকে রাখা যায় না।
ব্যক্তিজীবনে রোনান ও লোডেন বিয়ে করেন ২০২৪ সালে। গত বছর তাদের প্রথম সন্তানের জন্ম হয়। বর্তমানে রোনান ব্যস্ত নির্মাতা স্যাম মেন্ডেসের বিটলস নিয়ে নির্মিত চারটি সিনেমার কাজে। সেখানে তিনি সংগীতশিল্পী পল ম্যাককার্টনির স্ত্রী লিন্ডা ম্যাককার্টনির চরিত্রে অভিনয় করছেন।
রোনান ও লোডেন
সব মিলিয়ে, লোডেনের নতুন জেমস বন্ড হওয়ার গুঞ্জন আর রোনানের খলনায়িকা হওয়ার আগ্রহ দুটি বিষয়ই ভক্তদের কৌতূহল বাড়াচ্ছে। তবে বন্ড চরিত্রে কে অভিনয় করবেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আর রোনানের স্বপ্ন সত্যি হলে বন্ডের দুনিয়ায় তাকে দেখা যেতে পারে এমন এক চরিত্রে, যাকে ভয় পাওয়ার পাশাপাশি যার রাগ, উদ্দেশ্য ও মনস্তত্ত্ব জানতেও আগ্রহী হবেন দর্শক।
সূত্র: ভ্যারাইটি, এম্পায়ার সাময়িকী ও ইউরোনিউজ।
