খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগার লবী বলেছেন, শারদীয় দুর্গোৎসব সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় মহানবমী উপলক্ষে ডুমুরিয়া উপজেলার চুকনগর শ্রীশ্রী সর্বমঙ্গলা মাতৃমন্দির তীর্থ কমপ্লেক্সের দুর্গামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও মন্দিরে আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মশাররফ হোসেন মফিজ, সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক, খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লাভলী রহমান, আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, এমএ সালাম, বিএম হাবিবুর রহমান হবি, সরদার দৌলত হোসেন এবং চুকনগর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন।
পূজা উদযাপন কমিটির সভাপতি জয়দেব আঢ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দেব।
এদিকে, মহানবমী উপলক্ষে সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবী ডুমুরিয়া উপজেলার আটলিয়া, মাগুরাঘোনা ও শোভনা ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও আয়োজন ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
